Monday, July 31, 2017

গরু জবাইয়ের নামে বিজেপিশাসিত ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ গণপিটুনির কেন্দ্রে পরিণত হয়েছে





 সংসদে  দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে বিজেপিশাসিত ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ গণপিটুনির কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন।
তিনি দেশের বিভিন্নস্থানে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকার পক্ষের সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
সোমবার কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে গণপিটুনি প্রসঙ্গে লোকসভায় বলেন, ‘দেশে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গোটা বিশ্বে ভারতের ভাবমূর্তি খারাপ হচ্ছে। কয়েকটি শহরে উত্তেজিত জনতার সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা থামছে না। যে-ই নিহত হোক না কেন, তা সে ধর্মের নামে হোক  বা গরু জবাইয়ের নামে হোক দেশে অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘এদেশে কী সরকার এবং আইন নেই? গত ৭০ বছরে এ ধরণের ঘটনা ঘটেনি।’
খাড়্গে বলেন, ‘নিরীহ লোকদের হত্যা করা হচ্ছে। এ দেশের প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশে যখন থেকে (বিজেপি নেতৃত্বাধীন) এনডিএ সরকারের পা পড়েছে তখন থেকে এ ধরণের ঘটনা শুরু হয়েছে। এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পক্ষেরও হাত রয়েছে।’
খাড়্গে বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘গো-রক্ষার নামে সহিংসতা বরদাস্ত করা হবে না। কিন্তু এ ধরণের লোকেদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন? কত লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে?’  
তিনি বলেন, ‘এ ধরণের ঘটনায় বিজেপিসংশ্লিষ্ট সংগঠনের হাত রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং গো-রক্ষক দলের মতো গোষ্ঠীগুলোকে সরকার উৎসাহ দিচ্ছে।’ খাড়্গে বলেন, ‘ধর্মের নামে, গরুর নামে, গো-রক্ষার নামে এ ধরণের ঘটনা কোনো দেশেই হয় না যা এদেশে হচ্ছে।’ মল্লিকার্জুন খাড়্গে আজ সংসদে আলওয়ার, জম্মু ও উজ্জয়নীর সহিংস ঘটনার কথা তুলে ধরেন।
আজ সরকার পক্ষে সাফাই দিয়ে বিজেপি এমপি হুকুমদেব সিং একে রাজ্য সরকারের বিষয় বলে মন্তব্য করেন। এ ধরণের ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।




Sunday, July 30, 2017

ডোকলাম বিবাদের মধ্যেই রাশিয়ার কাছ থেকে ৪৮টি বিশ্বের সেরা পরিবহণ হেলিকপ্টার কিনছে ভারত

রাশিয়ার সঙ্গে ৪৮টি এমআই-১৭ হেলিকপ্টার কেনার চুক্তি চূড়ান্ত করল ভারত। রুশ অস্ত্র রফতানিকারী সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। এমআই-৮ এবং এমআই-১৭ ধরণের প্রায় ৩০০টি হেলিকপ্টার ভারতীয় বাহিনীর হাতে রয়েছে। কম সময়ে বাহিনী, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং রসদ নিয়ে ‌যেতে পারে এই কপ্টার। সিকিমের ডোকালামে ভারত-চিন বিবাদ চলছে। প্রতিকূল পরিস্থিতি অত্যন্ত দ্রুত সেনা ও অস্ত্র পাঠাতে এই হেলিকপ্টার কা‌র্যকরী হয়ে উঠতে পারে।

৮০টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার কেনার জন্য ২০০৮ সালে রুশ সংস্থা রসবোরোনেক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ২০১৩-র মধ্যে সেই কপ্টারগুলি ভারতের হাতে চলে আসে। ২০১২-১৩ অর্থবর্ষে রুশ সংস্থাটির সঙ্গে আরও ৭১টি এমআই-১৭ভি-৫ কেনার জন্য চুক্তি হয়েছিল।
এ বার ওই শ্রেণির আরও ৪৮টি কপ্টার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কিনতে চাইছে।  এটা জানিয়েছেন রসোবোরোনেক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখিভ। বিশ্বের সেরা ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলির অন্যতম এই রুশ কপ্টার।